নারায়ণগঞ্জে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৬ নভেম্বর) ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের শহীদনগর এলাকায় ‘দি বেস্ট রিয়েল ফুড প্রোডাক্ট’ নামের প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, শিশু খাদ্য উৎপাদনকারী ওই প্রতিষ্ঠানে নামমাত্র কিছু পণ্যের অনুমোদন থাকলেও ‘রিং চিপস’, ‘ছুটি চিপস’, ‘ইস্টার চিপস’, ‘রিয়েল স্টার বারবিকিউ চিপস’ এবং ‘ইস্টার চিপস ক্রিসপি স্টিক’ উৎপাদনের বৈধ অনুমোদন নেই।
এছাড়াও পণ্যের মোড়কে ভুয়া হালাল লোগো ও মান সনদের চিহ্ন ব্যবহার, ঠিকানা বিহীন নন-ফুড গ্রেড কালার ব্যবহার , চিপস ভাজার পর লেবেলবিহীন অবস্থায় রাখা এবং সম্পূর্ণ অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ করে প্রতিষ্ঠানটি ।
এসব অপরাধের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের পর পণ্য উৎপাদন, মোড়কজাতকরণ ও বাজারজাত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, শিশুদের খাদ্যের নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করতে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।










