নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অধিকার ও মর্যাদা সমানভাবে নিশ্চিত করা জরুরি। ধর্ম, বর্ণ কিংবা পেশাগত পরিচয়ের কারণে কাউকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ভিজিডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরাও পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় কাজ করবেন।

তিনি আরও জানান, পূজা চলাকালে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে যাবেন তিনি। কোথাও কোনো সমস্যা দেখা দিলে তা সমাধানে প্রয়োজনীয় সহায়তা দেওয়ারও আশ্বাস দেন সংসদ সদস্য।