বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর আওতাধীন ফতুল্লা থানা শাখার পুনর্গঠন সম্পন্ন হয়েছে। এতে ২০২৬-২৭ সেশনের জন্য সভাপতি হিসেবে মোহাম্মদ আবু সাঈদ এবং সেক্রেটারি হিসেবে নাজিম হাসান স্বপ্ন দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে মহানগর মজলিস কার্যালয়ে আয়োজিত সহযোগী সদস্য সমাবেশে এ পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন প্রধান অতিথি সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহনেওয়াজ বলেন, সাংগঠনিক দায়িত্ব কোনো পদ-পদবি নয়, বরং এটি একটি আমানত। দায়িত্ব পালনে নিয়ত শুদ্ধ রেখে কোরআন ও সুন্নাহর আলোকে শিক্ষা, প্রশিক্ষণ ও দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে ছাত্রসমাজকে আদর্শিক ও যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ছাত্রসমাজ জাতির ভবিষ্যৎ। তাই তরুণদের সৎ, যোগ্য ও বিচক্ষণ নেতৃত্বের গুণাবলিতে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে ধৈর্য ও আদর্শের প্রতি অবিচল থাকা জরুরি।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ জেলা সাবেক সভাপতি মুফতি তৌফিক বিন হারিছ, খেলাফত মজলিস ফতুল্লা থানা সভাপতি আবু বকর, ছাত্র মজলিস মহানগর ক্যাম্পাস ও ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ সিয়াম, বায়তুলমাল ও প্রচার সম্পাদক মুহাম্মদ জাওয়াদুল ইসলাম এবং সদর থানা বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ফয়সালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।