নারায়ণগঞ্জ জেলার সাত থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদকসেবী, মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দিন ও রাতের বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা’র নির্দেশনায় দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযানে নেতৃত্ব দেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ৫৭ জন মাদকসেবী, ৮ জন মাদক ব্যবসায়ী, ২ জন ছিনতাইকারী এবং ১৯ জন পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। এ ছাড়া নিয়মিত মামলার ১৪ আসামি, অন্যান্য আইনে ৪ জন, মোবাইল কোর্টের মাধ্যমে একজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
থানাভিত্তিক হিসাবে ফতুল্লা মডেল থানা থেকে ৩২ জন, সিদ্ধিরগঞ্জে ২৩ জন, রূপগঞ্জে ১৮ জন, নারায়ণগঞ্জ সদর থেকে ১৩ জন, বন্দর থেকে ১৩ জন, সোনারগাঁও থেকে ১২ জন এবং আড়াইহাজার থেকে ৮ জনকে আটক করা হয়।
অভিযানকালে ফতুল্লা মডেল থানা পুলিশ ৪৬ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। সিদ্ধিরগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন এবং বন্দর থানা এলাকায় ৫ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।










