নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ভবনের নিচতলার ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন—রংপুরের বদরগঞ্জ কুমারপাড়া এলাকার শাহিন আলম (৩০), তাঁর স্ত্রী লিমা পারভীন (২৬), শাহীনের ভাই শাহেদ আলী (২৫) এবং মো. হোসেন (২৪)।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, রাতভর ফ্ল্যাটের দরজা-জানালা বন্ধ ছিল। ধারণা করেন, গ্যাসের পাইপলাইনে লিকেজ কিংবা চুলা বা গ্যাসের চাবি খোলা থাকায় ভেতরে গ্যাস জমে ছিল বলে। ভোরে চুলায় আগুন জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘরে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে দরজা-জানালা ও ঘরের আসবাবপত্র পুড়ে যায়। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ চারজনকে হাসপাতালে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘ঘটনাস্থলে আমাদের একটি দল কাজ করছে। বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।’