টানা দুই মাসের আতঙ্ক আর উৎসুক জনতার কৌতূহলের অবসান ঘটল। অবশেষে বন বিভাগের জালে ধরা পড়েছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লোকালয়ে ঢুকে পড়া সেই মিঠাপানির কুমিরটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভরঞ্জিরপাড় এলাকার একটি পুকুর থেকে প্রাণীটি উদ্ধার করা হয়। চিকিৎসা ও নিবিড় পরিচর্যার জন্য কুমিরটিকে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় গত ১৯ সেপ্টেম্বর। সেদিন বন্দর উপজেলার তিনগাঁও এলাকার একটি পুকুরে প্রথম কুমিরটির দেখা পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে পুকুরপাড়ে ভীড় জমান এলাকার মানুষ। খবর পেয়ে বন বিভাগ ও ঢাকা থেকে আসা বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে জাল ফেলে অভিযান চালান। কিন্তু কুমিরটির অবস্থান নিশ্চিত করতে না পারায় সে যাত্রায় খালি হাতে ফিরতে হয় উদ্ধারকারীদের। ধারণা করা হচ্ছিল, সেটি পাশের কোনো পুকুর বা জলাশয়ে চলে গিয়েছে।

দীর্ঘদিন প্রাণীটির কোনো হদিস না মেলায় পুরো এলাকায় একধরনের চাপা আতঙ্ক বিরাজ করছিল। পুকুরে নামা বা দৈনন্দিন কাজ সারতে গিয়ে শঙ্কায় ছিলেন গ্রামবাসী। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে গণবিজ্ঞপ্তিও জারি করেছিল উপজেলা প্রশাসন।

দুই মাস পর গত সোমবার পাতাকাটা ভরঞ্জিরপাড় এলাকার একটি পুকুরে পুনরায় কুমিরটির উপস্থিতি টের পান স্থানীয় ব্যক্তিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি ও খবর ছড়িয়ে পড়লে আবারও পুকুরপাড়ে উৎসুক মানুষের ভীড় জমে। বিষয়টি নজরে আসার পরপরই উপজেলা প্রশাসন ও বন বিভাগের সমন্বয়ে শুরু হয় নতুন করে উদ্ধার অভিযান।

বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের একটি বিশেষ উদ্ধারকারী দল টানা তিন দিন নানা কৌশল নেয়। প্রথম দুদিনের চেষ্টা ব্যর্থ হলেও তৃতীয় দিন বৃহস্পতিবার বিকেলে জালের ফাঁদে আটকা পড়ে কুমিরটি।

উদ্ধার অভিযানের বিষয়ে বন্দর উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল বলেন, দুই দিন আগে আমরা জানতে পারি মিঠা পানির কুমিরটি আবার দেখা গেছে। সেদিন থেকেই উদ্ধারকাজ শুরু হয়। বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ দলের সদস্যরা তৃতীয়বারের চেষ্টায় জাল ফেলে এটি ধরতে সক্ষম হন। নদী নিকটবর্তী হওয়ায় সম্ভবত নদীর পথ ধরেই দলছুট হয়ে কুমিরটি জনপদের পুকুরে ঢুকে পড়েছিল। ।

বর্তমানে উদ্ধার করা কুমিরটিকে গাজীপুর সাফারি পার্কে নেওয়া হচ্ছে। জয়নাল আবেদীন কামরুল জানান, সেখানে প্রাণীটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হবে। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা যখন মনে করবেন এটি প্রকৃতিতে টিকে থাকার জন্য পুরোপুরি সুস্থ ও উপযুক্ত, তখনই এটিকে উন্মুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে।

এদিকে দীর্ঘ দুই মাস পর কুমিরটি নিরাপদে উদ্ধার হওয়ায় পাতাকাটা ও তিনগাঁওসহ আশপাশের গ্রামের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।