নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, গত ১৭ বছরে রূপগঞ্জের অনেক মানুষের জমিজমা হাতছাড়া হয়েছে। যেসব জমি জাল বা একাধিক দলিলের মাধ্যমে দখল করা হয়েছে বলে অভিযোগ রয়েছে, সেগুলোর কাগজপত্র খুঁজে বের করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের কমিটি ঘোষণা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি দিপু বলেন, রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের বর্তমান অবকাঠামো জরাজীর্ণ। অথচ এ অফিস থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। তাই দ্রুত এখানে আধুনিক ও দৃষ্টিনন্দন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, সাব-রেজিস্ট্রি অফিসে একটি রেকর্ড রুম স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর ফলে ১৯০৮ সাল থেকে সংরক্ষিত দলিল ও প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য মানুষকে আর নারায়ণগঞ্জ বা ঢাকায় ছুটতে হবে না; স্থানীয়ভাবেই সেসব নথি পাওয়ার ব্যবস্থা করা হবে।
বিগত সরকারের সময় জমি হস্তান্তর ও নিবন্ধন নিয়ে রূপগঞ্জের অনেক মানুষ সমস্যায় পড়েছেন উল্লেখ করে তিনি বলেন, ঢাকার কাছাকাছি হওয়ায় রূপগঞ্জের মানুষ নানা সুবিধা পেলেও জমি নিয়ে ভোগান্তির শিকার হয়েছেন। জমি হস্তান্তর করতে না পারার কারণে অনেক পরিবারকে কষ্ট পেতে হয়েছে।
তিনি আশ্বাস দেন, রূপগঞ্জের জমি নিয়ে মানুষের ভোগান্তি কমাতে এবং প্রকৃত মালিকদের অধিকার ফিরিয়ে দিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।










