নারায়ণগঞ্জের ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের থানা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (৫৫) ও তাঁর বড় ভাই আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমানকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুরের বেপারীপাড়ায় তাঁদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলমের নেতৃত্বে একাধিক দল অভিযান পরিচালনা করে। এ সময় দুই ভাইকে আটক করা হয়।

হুমায়ুন কবির ফতুল্লা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তাঁর ভাই হাবিবুর রহমান ফতুল্লা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। স্থানীয় সূত্রের দাবি, হুমায়ুন কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশের ঘনিষ্ঠ অনুসারী এবং হাবিবুর সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী।

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, হুমায়ুন কবিরের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলাসহ বৈষম্যবিরোধী একাধিক মামলা রয়েছে। তাঁর ভাই হাবিবুর রহমানের বিরুদ্ধেও বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।