নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। এ সময় সড়কে গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হলে যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।

আজ শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার হাটাবো এলাকায় অবস্থিত আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর গ্যাস-সংকটের কারণ দেখিয়ে কারখানাটি লে-অফ (সাময়িক বন্ধ) ঘোষণা করে কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে ১৯৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। তবে চাকরিচ্যুত হওয়ার পরও তাঁদের তিন থেকে চার মাসের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করা হয়নি। একাধিকবার তারিখ দিয়েও কর্তৃপক্ষ কথা না রাখায় আজ সকালে তাঁরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, চাকরি হারানোর পর পরিবার-পরিজন নিয়ে তাঁরা চরম আর্থিক দুর্ভোগে দিন কাটাচ্ছেন। বারবার আশ্বাস দেওয়া হলেও বকেয়া টাকা না পেয়ে বাধ্য হয়ে তাঁরা রাস্তায় নেমেছেন। দ্রুত সব পাওনা পরিশোধ করা না হলে তাঁরা আরও কঠোর কর্মসূচি দেবেন।

 

এদিকে কারখানার নির্বাহী পরিচালক (অটোমেশন) জুলফিকার আলী অফিসে প্রবেশের সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা তাঁকে ঘিরে ধরেন। এ সময় তিনি জানান, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনো অফিসে আসেননি। তাঁরা এলে আলোচনা করে বেতন পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে। তাঁর এমন বক্তব্যে আরও শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন রানা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তিনি এ বিষয়ে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁরা কিছুক্ষণ সড়কে অবস্থান করেছিলেন। বকেয়া বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’