২০০৬ সালের ২৮শে অক্টোবর পল্টনে লগি-বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪:৩০ টায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদ প্রাঙ্গণ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে এক আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনীর মাধ্যমে শেষ হয়।
সমাবেশে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ।
আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮শে অক্টোবর আওয়ামী লগি-বৈঠার নৃশংস তাণ্ডবে যে নারকীয় হত্যাকাণ্ড ও তাণ্ডবলীলা চালানো হয়েছিল, বাংলার মাটিতে আর কখনো যেন সেই তাণ্ডব ফিরে না আসে।
নেতৃবৃন্দ অবিলম্বে ২৮শে অক্টোবরের পল্টন ট্র্যাজেডির মূল পরিকল্পনাকারী ও খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা সরকারকে ২৪ গন বিপ্লবের কথা স্মরণ করিয়ে দিয়ে অবিলম্বে গন ভোটের গন রায় বাস্তবায়ন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ পিলখানা, শাপলা সহ বিগত সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।










