নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ চারজনের কেউই বাঁচলেন না। দগ্ধ হওয়ার চার দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন স্বামী শরীফ ও স্ত্রী রোজিনা ও শ্যালক রিয়াজ। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে এবং দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁদের মৃত্যু হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিষ্ফোরণে দগ্ধ বাড়িটির কেয়ারটেকার রনি।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার।
চিকিৎসক জানান, রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরীফের ৪০ শতাংশ, রিয়াজের শরীরের ৪০ শতাংশ এবং রনির শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। তাদের প্রত্যেকের অবস্থাই ছিলো আশঙ্কাজনক।
গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দুই পরিবারের চারজন দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।










