নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনে একজন গুরুতর আহত তৌফিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মর্মে একটি খবর প্রচার করা হয়েছে ‘শেখ রাসেল নগর পার্ক’ নামক একটি ফেসবুক পেইজ থেকে।
তবে প্রাইম নারায়ণগঞ্জ বিষয়টি যাচাই করে দেখেছে এই তথ্য সম্পূর্ণ অসত্য।
কালবেলা পত্রিকার অনলাইন ভার্সন দাবী করেছে, ‘গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুরের বাংলাবাজার এলাকায় সিং জিং জাপান হাসপাতালে মারা যান তিনি।’

তবে এই ব্যক্তি আসলেই গাজীপুরে শ্রমিক আন্দোলনে যুক্ত হয়ে আহত হয়েছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে নারায়ণগঞ্জে এমন কোন ঘটনা ঘটেনি বলে নিশ্চিত হয়েছে প্রাইম নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল এবং খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে খোজ নিয়ে এমন কোন তথ্য পাওয়া যায়নি। এমনকি মঙ্গলবারে শ্রমিক পুলিশ সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন এমন কারও চিকিৎসা নেয়ার খবরও পাওয়া যায়নি।
শিল্প পুলিশের পুলিশ সুপার আল মাহমুদ জানান, ‘এই তথ্য অসত্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রমিক আন্দোলনকে ঘিরে নানান গুজব ছড়ানো হচ্ছে।’
এদিকে শেখ রাসেল নগর পার্ক পেইজের সাথে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে তারা সাথে সাথেই পোস্টটি সরিয়ে নেয়। তবে অসত্য তথ্য প্রকাশ এবং তা সরিয়ে নেয়ার বিষয়ে কোন ব্যাখ্যা তারা দেননি।










