নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেছেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস এবং সরকারকে বেকায়দায় ফেলার জন্য চেষ্টা চলছে। গত ১৭ বছর অনেকেই চেষ্টা করেছে গার্মেন্টস খাতকে ধ্বংস করার জন্য। এই ষড়যন্ত্র মোকাবেলায় ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজে আয়োজিত মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। এদিন শ্রমিক আন্দোলনের বিষয়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সাথে মতবিনিময় করেন চেম্বারের সভাপতি ও সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে পাঁচ শতাধিক গার্মেন্টস আছে। এর মধ্যে ১২ থেকে ১৩ গার্মেন্টসে সমস্যা দেখা দিয়েছে। যারা আন্দোলনে আসছে তাদের প্রায় ৯০ পার্সেন্ট কোনো শ্রমিক না। তারা চেষ্টা করেছে বিভিন্ন গার্মেন্টসে সমস্যা করার জন্য। জেলার আর কোথাও সমস্যা হয়নি। শুধু একটি স্থানে পরিকল্পনা করে সড়ক অবরোধ করেছে।
এসময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধূরী, সোহেল আক্তার, গোলাম সারোয়ার সাঈদ, আহমেদুর রহমান তনু, হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।










