নারায়ণগঞ্জ শহরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম। তিনি শহরের উকিলপাড়া, গলাচিপা, আমলাপাড়া এবং নিতাইগঞ্জ এলাকার প্রধান প্রধান পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন।
সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত ১০টি পূজা মন্ডপ পরিদর্শনকালে মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতির খোঁজ খবর নেন। সেই সাথে আগত ভক্ত ও দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
মণ্ডপ পরিদর্শন কালে এমপি আবুল কালামের সাথে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, সাবেক যুবদল সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এছাড়া উকিলপাড়া, গলাচিপা, আমলাপাড়া ও নিতাইগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে এমপি আবুল কালাম সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জ সম্প্রীতির শহর। আবহমানকাল ধরে এখানে সকল ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করছে। দুর্গাপূজা অত্যন্ত আনন্দমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। পূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, উৎসবের দিনগুলোতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আমাদের নেতাকর্মীরা স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন কমিটি সতর্ক থাকবে। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা আনন্দের সাথে তাদের প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করবে।










