নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের দৃশ্য মোবাইলে ভিডিও করায় ইউসুফ মোল্লা (২৫) নামে এক পথচারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জেলার ফতুল্লার তক্তার মাঠ এলাকায় দেলোয়ার রহমান দেলুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ চাঁদপুরের শাহরাস্তি থানার মফিজ মোল্লার ছেলে। তিনি ফতুল্লায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

নিহতের মামা ওমর ফারুক জানান, মঙ্গলবার রাতে কারখানা থেকে বেতন নিয়ে বাড়ি ফিরছিলেন ইউসুফ। পথে তক্তার মাঠ এলাকায় দেলুর বাড়ির সামনে কিছু লোকজনকে দেশীয় অস্ত্র দিয়ে কোপাকুপি ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করতে দেখেন তিনি।

এ সময় ইউসুফ নিজের মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করার চেষ্টা করলে অস্ত্রধারীরা তার ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তার মেরুদণ্ডের নিচে ধারালো ছুরির মারাত্মক আঘাত লাগে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।

ঘটনার নেপথ্যের কারণ সম্পর্কে বাড়ির মালিক দেলোয়ার হোসেন দিলু জানান, গত ২০ জুন রাতে ফতুল্লা থানা কৃষক দলের আহবায়ক জুয়েল আরমান তাকে অপহরণ করে চাঁদা দাবি করেন। এ ঘটনায় তার ছেলে বাদী হয়ে মামলা করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন এবং পিবিআই তদন্ত করছে। ওই মামলায় জুয়েল আরমানের নামে ওয়ারেন্ট জারি ছিল।

মঙ্গলবার সে আদালতে হাজিরা দিয়ে জামিন নেয়। জামিন পেয়ে বের হয়ে চা দোকানে বসে থাকা মামলার বাদী তার ছেলে জুয়েল হাওলাদারের ওপর হামলা চালায় সে। এ নিয়ে হাতাহাতিতে উভয় পক্ষই আহত হয়।

সেই ঘটনার জের ধরে রাতে জুয়েল আরমান দলবল নিয়ে প্রতিশোধ নিতে ধারালো অস্ত্রসহ তাদের বাড়ি ভাঙচুর করতে আসে। এ সময় পেছনের বাড়ির ভাড়াটিয়া ইউসুফ ভিডিও ধারণ করতে গেলে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মোহাম্মদ শামীম হোসেন বলেন, ঘটনার তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। আসামিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।