রাত পেরুলেই শনিবার অনুষ্ঠিত হচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। রেড ক্রিসেন্টের ইতিহাসে এই প্রথমবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দৃঢ় প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাবের কারণে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে অনেকেই মতামত দিয়েছেন।
এবারের রেড ক্রিসেন্টের নির্বাচনে আজীবন সদস্যরা ব্যাপক উচ্ছ্বসিত। কারণ রেড ক্রিসেন্টে এই প্রথমবারের মতো ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হচ্ছে প্রার্থীরা৷ নির্বাচনকে ঘিরে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে।
এই নির্বাচনে ব্যতিক্রমী প্রার্থী এনসিপির নিরব রায়হান। নির্বাচন করছেন ‘কার্যকরী সদস্য’ পদে৷ নির্বাচনে যারা অংশ নিয়েছেন এরমধ্যে একমাত্র তরুণ প্রার্থী তিনি৷ একই সাথে তিনি নারায়ণগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির আহবায়ক ছিলেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে নিরব রায়হান বলেন, “সর্বমহলে তারুণ্যের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়া জরুরি। আমি বিশ্বাস করি, তরুণরাই আগামী এবং তরুণদের হাত ধরেই আগামীর একটি আকাঙ্ক্ষিত সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে৷ রেড ক্রিসেন্টে যারা ফিল্ড পর্যায়ের মানবিক কাজে অংশ নেয় এর অধিকাংশই তরুণ৷ আমি সেই তরুণদের পাশে থেকে কাজ করে যেতে চাই৷”
তিনি আরও জানান, “রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটের যারা আজীবন সদস্য রয়েছেন৷ রেড ক্রিসেন্ট সংক্রান্ত যেকোনো কর্মকাণ্ডে আমি তাদের অংশীদারত্ব নিশ্চিত করতে চাই৷ বিগত সময়ের একটি অ্যাডহক কমিটিতে কাজ করার সুবাদে আমি লক্ষ্য করেছি, এখানে আজীবন সদস্যদের সঠিক মূল্যায়ন করা হয় না বা তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হয় না৷ আমি চাই তাদের মূল্যায়ন ও অংশীদারত্ব৷”
নিরব রায়হান আরও বলেন, “আমি নির্বাচিত হলে রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটকে ঘিরে সার্বিক উন্নয়নে আমি ভূমিকা রাখবো৷ এবং আমি ব্যাপকভাবে আশাবাদী, ইনশাআল্লাহ ভালো কিছু হবে৷”










