নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিগত ১৬ বছরে সোনারগাঁয়ে আওয়ামী লীগ কী উন্নয়ন কাজ করেছে তা আপনারাই দেখেছেন। বিএনপি সরকার গঠনের ৬ মাসে আমরা ১৬ বছরের চেয়েও দ্বিগুণ কাজ পাস করিয়ে এনেছি।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) যাওয়ার প্রধান সড়কটির পুনর্নির্মাণ কাজের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মান্নান বলেন, জাদুঘরের এই সড়কটি পুনর্নির্মাণ করা সোনারগাঁবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। দেশ-বিদেশের বিপুল সংখ্যক পর্যটক এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের যানবাহন প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে। সার্বিক বিষয় বিবেচনায় রেখে বেসরকারি আর্থিক সহযোগিতায় এটি পুনর্নির্মাণ করা হচ্ছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, কে এম রাফসান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া প্রমুখ।

উল্লেখ্য, আনুমানিক ২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, এসিআই হেলথকেয়ার লিমিটেড, আমান গ্রুপ, আল মোস্তফা গ্রুপ এবং মাস ফিড লিমিটেডের যৌথ আর্থিক সহযোগিতায় সড়কটি পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে।