নারায়ণগঞ্জের সোনারগাঁয় ইউনিয়ন যুবদল সভাপতি জহিরুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির হোসেনকে (৬০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে কক্সবাজারের কলাতলী বিচ এলাকা থেকে এসআরবি-১১ ও এসআরবি ১৫ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার কবির হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খালিয়ারচর এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে। তিনি এই হত্যা মামলার ৩ নম্বর আসামি।
এসআরবি ১১ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ অক্টোবর রাতে সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকায় নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফিরছিলেন জহির। পথে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় আসামীরা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত জহির ফকির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এই ঘটনায় সোনারগাঁ থানায় হত্যা মামলা করা হয়।
মামলা দায়েরের পর ছায়া তদন্ত শুরু করে এসআরবি। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কক্সবাজারে কবির হোসেনের অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামীকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।










