নারায়ণগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচার প্রচারনা চলছে ৯ ১০ এবং ১১ ডিসেম্বরকে ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তারিখগুলো উল্লেখ করে প্রচারনা চালাচ্ছে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা। যদিও বিএনপি নেতারা বলছেন, পলাতক আওয়ামী লীগ আর ফিরবে না।
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ডিসেম্বরের এই তিনটি তারিখ কে কেন্দ্র করে প্রচার প্রচারণা চালাচ্ছে। তাদের দাবী, এই তিনদিনের মধ্যেই বাংলাদেশে ফিরবে শেখ হাসিনা।
হাসিনা ফিরুক বা না ফিরুক, এই তিনদিনকে কেন্দ্র করে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন দেশজুড়ে অরাজকতার চেষ্টা করবে তা অনেকটাই স্পষ্ট। তবে সেই চেষ্টা নস্যাৎ করতে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগ প্রতিহত করার বিষয়ে ক্ষমতাসীন দল এবং বিরোধী দল এই স্থানে ঐক্যবদ্ধ রয়েছে।
নারায়ণগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাতকে দেখা গেছে তার নিজ ফেসবুক একাউন্টে এই তিনটি তারিখ নিয়ে প্রচারণা করতে। সেই সাথে শামীম ওসমানের অনুসারীরা একইভাবে এই তিনটি তারিখ নিয়ে প্রচারণা চালাচ্ছে।
আওয়ামী লীগের জেলা ও মহানগর পর্যায়ে পলাতক সিনিয়র নেতারা নাম না প্রকাশ করার শর্তে জানান, ‘হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরবে না। কেবল দেশে অস্থিরতা ধরে রাখতে এবং দল হিসেবে নিজেদের আলোচনায় রাখতেই এই কাজ করে যাচ্ছে। আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রচারণা। মূলত দল হিসেবে নিজেদের আলোচনায় রাখতেই এই প্রপাগান্ডা।’
তবে পুলিশ প্রশাসন জানিয়েছে, ‘প্রোপাগান্ডা চালানো নিষিদ্ধ সংগঠনের দিকে কঠোর নজরদারি রয়েছে। দেশে বসে অরাজকতার চেষ্টা বা উস্কানি দিলে তা কঠোর হাতে প্রতিহত করা হবে। মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’










