নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন দেশের শিল্প কারখানায় শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে বলেছেন, ‘নিজেদের দাবি দাওয়া নিয়ে শ্রমিকেরা আন্দোলন করতেই পারে। তবে এই আন্দোলনে লীগেরও উস্কানি, অংশগ্রহণ আছে। আবার সব শ্রমিককে আ.লীগ ট্যাগ দিয়ে দমন করতে গেলে হিতে বিপরীত হবে। তখন আর পরিস্থিতি সামাল দেয়ার পর্যায়ে থাকবে না।
রোববার রাতে আব্দুল্লাহ আল আমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে তিনি এই বার্তা দেন।
এমপি আল আমিন বলেন, শ্রমিকেরাও নিজেদের দাবি দাওয়া নিয়ে মাঠে নেমেছে। এ সুযোগে আন্দোলনে লীগ প্রবেশ করেছে এবং উস্কানি দিচ্ছে, নাশকতার চেষ্টা চালাচ্ছে, এটাও স্পষ্ট। অতিদ্রুত দায়িত্বশীল পদক্ষেপ নিতে হবে সরকারকে।
প্রকৃত শ্রমিকদের সাথে শিল্প মালিকদের সাথে নিয়ে অবিলম্বে বসে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। অন্যথায় শ্রমিক আন্দোলন এভাবে চলতে থাকলে পলাতক নিষিদ্ধ লীগ এই আন্দোলনকে উছিলা করে মাঠে নেমে অরাজকতা করতে পারে। পরিস্থিতি তখন অস্থিতিশীল হয়ে যাবে।
আওয়ামি লীগ যাতে সুযোগ না পায়, এ ব্যাপারে আমাদের সবার সতর্ক থাকা উচিত। শ্রমিকদেরও সতর্ক করতে হবে। সরকারকেও দ্রুত সমাধানে যেতে হবে। দেরী করলে অরাজকতা বাড়বে। সরকার-শ্রমিক-মালিক মিলে দ্রুত সমাধান করা সম্ভব।
অস্থিতিশীল পরিস্থিতি তৈরী হলে দেশ-মালিক-শ্রমিক কারো জন্যই ভালো হবে না। সারাবিশ্বের যুদ্ধ যুদ্ধ পরিস্থিতিতে দেশেও অস্থিতিশীলতা অর্থনীতিকে চাপে ফেলবে, যা দেশ-জনতা কারো জন্যই ভালো হবে না।
আর একটা কথা, শ্রমিকের আন্দোলনকে উছিলা করে যেসব নিষিদ্ধ লীগের লোকজন দেশকে অস্থিতিশীল করা এবং লীগের প্রত্যাবর্তনের আশায় মাঠে নেমেছে তাদের পিঠের চামড়া তুলে ফেলতে হবে। কিন্তু শুধু লীগের উপর দায় চাপিয়ে প্রকৃত শ্রমিকের দাবি উপেক্ষা করলে দীর্ঘমেয়াদে সমস্যা সমাধান হবে না।










