রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছিলেন দগ্ধ দুই শ্রমিক। কিন্তু শেষ পর্যন্ত হার মানলেন একজন। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে ঘটা বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ পাশা (৪০) নামে দগ্ধ শ্রমিক মারা গেছেন।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, পাশার শরীরের ৮৭ শতাংশ দগ্ধ হয়েছিল। পাশাপাশি তাঁর শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল।

একই ঘটনায় দগ্ধ অপর শ্রমিক রঞ্জিত (৪৫) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শরীরের ৫২ শতাংশ দগ্ধ হওয়ার পাশাপাশি শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা চলছে বলে জানান চিকিৎসক।

এর আগে শুক্রবার রাত ২টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকার রতন ডাইং কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় কারখানার ভেতর ধোঁয়ায় আচ্ছন্ন দেখতে পান তাঁরা। পরে দুই শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।