মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরা নেভি ব্লু রঙের একটি স্যুটকে কেন্দ্র করে আলোচনার সৃষ্টি হয়েছে। পোশাকটি বাংলাদেশে তৈরি বলে দাবি করেছেন নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অবস্থিত ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির।

সামাজিক যোগাযোগমাধ্যমে টেক্সটাইল টাইমসের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের গ্র্যান্ড আইল্যান্ডে আয়োজিত ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ সমাবেশে ট্রাম্পকে ওই স্যুট পরতে দেখা যায়। সমাবেশ চলাকালে একপর্যায়ে তিনি জ্যাকেটটি খুলে ফেলেন। এরপর থেকেই স্যুটটির উৎপাদনকারী দেশ নিয়ে আলোচনা শুরু হয়।

গত ৮ অক্টোবর সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের পরা স্যুটটি বাংলাদেশ কিংবা চীনে তৈরি হয়ে থাকতে পারে। যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্পের পোশাক আমদানি করার বিষয়টিও প্রতিবেদনে আলোচনায় আসে।

এদিকে, স্যুটটি বাংলাদেশে উৎপাদিত হয়েছে বলে দাবি করেছেন ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির। নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে প্রতিষ্ঠানটির কারখানা অবস্থিত।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া বক্তব্যে শরীফ জহির বলেন, বিশ্বের অন্যতম ধনী দেশের প্রেসিডেন্ট যখন গর্বের সঙ্গে বাংলাদেশে তৈরি তুলনামূলক সাশ্রয়ী মূল্যের স্যুট পরেন, তখন তা দেশের পোশাকশিল্পের প্রযুক্তিগত দক্ষতা ও প্রতিযোগিতামূলক উৎপাদন সক্ষমতাকে তুলে ধরে।

তিনি আরও জানান, বিষয়টি প্রতিষ্ঠানটির কর্মীদের জন্য অত্যন্ত গর্বের। একই সঙ্গে এটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের সক্ষমতা ও সাফল্যেরও একটি ইতিবাচক প্রতিফলন।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেড পুরুষদের স্যুট, জ্যাকেট, ওভারকোট ও ট্রাউজারসহ বিভিন্ন ধরনের পোশাক উৎপাদন করে। প্রায় পাঁচ লাখ বর্গফুটজুড়ে বিস্তৃত কারখানাটিতে পোশাক তৈরির কাজে আধুনিক কাটিং, সেলাই ও প্রেসিং প্রযুক্তি ব্যবহার করা হয়।

এ ছাড়া কারখানাটিতে উৎপাদন কার্যক্রম পরিচালনার পাশাপাশি তৈরি পোশাক এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া এবং সংরক্ষণের ক্ষেত্রেও আধুনিক ও স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।