ফতুল্লার বক্তবলী ইউনিয়ন কৃষকদের মতবিনিময় সভায় বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, সরকার আসার পরে মানুষের যে প্রত্যাশা ছিল, বেকার যুবকরা চাকরি পাবে, কৃষকরা ন্যায্যমূল্যে বা বিনামূল্যে সার পাবে, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, মাদক, সন্ত্রাস এবং জমি দখল বন্ধ হবে। কিন্তু তার কিছুই বাস্তবায়িত হয়নি।
বুধবার বিকেলে বক্তবলী লক্ষীনগর এলাকায় কৃষকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
আবদুল জব্বার বলেন, শুধু বোতল ঠিক আছে, পানির পরিবর্তন হয়েছে। কিন্তু ভেতরের মাল একই রয়েছে। আগের মতো এখনো মাথা খারাপ দল ও ব্যক্তিরা ক্ষমতায় রয়েছে। তারা কী করবে তা বুঝতে পারছে না। জনগণের সাথে করা প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, অন্যথায় দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে টিকতে দেবে না।
শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, শ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের লোকজন ঢুকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকারকে এ বিষয়টি গুরুত্বের সাথে দেখা দরকার। শ্রমিকদের ন্যূনতম বেতন-ভাতা নির্ধারণ এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের খুঁজে বের করা উচিত।
এসময় বক্তাবলী ইউনিয়নের জামায়াতে মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবু বকরের নেতৃত্বে শতাধিক কৃষক শ্রমিক উপস্থিত ছিলেন।










