নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলে চালিয়ে বিদেশি পিস্তল ও সাত রাউন্ড তাজা গুলিসহ মোজাম্মেল হক রাজন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলা বিচারাধীন রয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে সদর মডেল থানার ১ নম্বর বাবুরাইল এলাকার মোবারকশাহ রোডে বায়তুল ওয়াসিত জামে মসজিদের বিপরীতে বণি মিয়ার টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
এ সময় তাঁর বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পিস্তলটির গায়ে ‘MADE IN USA’ লেখা রয়েছে। চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালিয়েছে পুলিশ।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম মল্লিকের নেতৃত্বে পুলিশের একটি দল বাবুরাইলে অভিযান চালায়। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।










