অগ্নিকাণ্ড বা যেকোনো জরুরি মুহূর্তে দ্রুত ফায়ার সার্ভিসের সেবা পেতে হটলাইন নম্বর ‘১০২’ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে প্রচার ও সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরুরি হটলাইন নম্বর ‘১০২’-এর প্রচারণা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণবিষয়ক এক আলোচনা সভায় এই আহ্বান করা হয়। এসময় অগ্নিকাণ্ডের বিভিন্ন কারণ, আগুন প্রতিরোধে করণীয়, আগুন লাগলে তাৎক্ষণিক পদক্ষেপ, অগ্নিনির্বাপণ সরঞ্জামের সঠিক ব্যবহার এবং জরুরি পরিস্থিতিতে নিরাপদে বেরিয়ে আসার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

সভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের সহায়তা পেতে সাধারণ মানুষ ‘১০২’ নম্বরে কল করতে পারবেন। এই জরুরি নম্বরের পরিচিতি ও ব্যবহার সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত জরুরি। যেকোনো দুর্ঘটনায় দ্রুত সহায়তা নিশ্চিত করতে হটলাইন নম্বর ‘১০২’ সম্পর্কে সবার জানা থাকা প্রয়োজন।
বড় ধরনের অগ্নিদুর্ঘটনা এড়াতে ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কতা, সচেতনতা ও প্রাথমিক প্রস্তুতি রাখা অপরিহার্য।

সভায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ এর স্টাফ রিপোর্টার আবু সাউদ মাসুদ এবং সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি আফজাল হোসেন পন্টি সভায় উপস্থিত ছিলেন। এ ছাড়া নারায়ণগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা আলোচনায় অংশ নেন।