খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জে ‘দাওয়াত ও গণসংযোগ মাস’ কর্মসূচির উদ্বোধন করেছে খেলাফত মজলিস। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে লিফলেট বিতরণও করা হয়।
রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নগরের চাষাঢ়ায় বাগ-এ-জান্নাত জামে মসজিদের সামনে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহসভাপতি অধ্যাপক শাহ আলম, সহসাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহসাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচির অংশ হিসেবে নগরবাসীর মধ্যে লিফলেট বিতরণ করা হয়। নেতারা জানান, সংগঠনের লক্ষ্য ও আদর্শ সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং জনসম্পৃক্ততা বাড়ানোই এ উদ্যোগের উদ্দেশ্য। এ কর্মসূচির মাধ্যমে ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে চান তাঁরা।










