নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার এবং পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবী, মাদক ব্যবসার প্রতিবাদ করায় ওই পুলিশ সদস্যের উপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এই ঘটনা ঘটে। আহত আবুল কালাম (৩৫) আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। তিনি ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

আহত পুলিশ সদস্যের বোন সুমাইয়া আক্তার বলেন, আমাদের বাড়ির পাশেই মাদকের ব্যবসা ও আসর বসতো। তাদের বাধা দিতো আমার ভাই। সম্প্রতি সেই মাদক ব্যবসায়ীদের মধ্যে শাহাদাত হোসেন (৩২) ও এমদাদুল হক (২৯)কে ধরিয়ে দিতে সহযোগীতা করে। উনি ছুটিতে বাসায় আর আসার পর শাহাদাত ও এমদাদের লোকজন রাতে হামলা চালায়। তার হাত পা ভেঙ্গে ফেলা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে রগ কেটে দিয়েছে মাদক ব্যবসায়ীরা।

আবুল কালামের বাবা আবদুল মালেক বলেন, বৃহস্পতিবার রাতে শাহজালাল নামে এক ব্যক্তি আমার ছেলেকে ফোন করে ডেকে বিলের কাছে নিয়ে যায়। সেখানেই তার উপর হামলা চালানো হয়। হাত পা ভেঙ্গে কেটে দেয়া হয় পায়ের রগ। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাহউদ্দিন বলেন, আবুল কালাম হবিগঞ্জ জেলায় এপিবিএন সদস্য হিসেবে কর্মরত। সম্প্রতি বাড়িতে এলে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি।