নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের বেজগাও এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ঘটনাস্থল থেকে ৫০ টি ক্যাপ ও পাঁচটি পটকা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বেজগাও এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান এহসান আহমেদের বাগানে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক চেয়ারম্যানের মালিকানাধীন বাগানে ৩০ থেকে ৪০ জন সদস্য ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সমবেত হওয়া সদস্যরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে ফেলে যাওয়া ক্যাপ ও পটকা জব্দ করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, নিষিদ্ধ সংগঠনের যেকোনো তৎপরতা বন্ধে কঠোর অবস্থানে আছে পুলিশ। ঝটিকা মিছিলের চেষ্টা চালানো ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।










