নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়া চালুর দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা। আগামী রোববারের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে শতাধিক শিক্ষার্থী অবস্থান নেন। এতে ওই সড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

পরে বাস মালিকদের রোববার পর্যন্ত সময়সীমা দিয়ে মহাসড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। এরপর ওই লেনে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।

সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, রোববারের মধ্যে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে উপজেলার সব শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মহাসড়কে অবস্থানসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর বাসে হাফ ভাড়া চালু, নারী যাত্রীদের হয়রানি বন্ধ এবং অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। পরদিন উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবহন মালিক, শিক্ষার্থী ও নাগরিক প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা হয়।

ওই সভায় মোগরাপাড়া থেকে গুলিস্তান রুটে দোয়েল ও স্বদেশ পরিবহনের বাসে সাধারণ যাত্রীদের ভাড়া ৭৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৫৫ টাকা নির্ধারণ করা হয়। তবে শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে হাফ পাসের ভাড়া ৪০ টাকা করার দাবি জানান।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, হাফ পাস চালুর দাবিতে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। কিছুক্ষণ পর তারা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।