শ্রমিকদের নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারনের দাবীতে নারায়ণগঞ্জে তৃতীয় দিনের মত শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। তবে গত দুই দিনের মত ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করার সুযোগ পায়নি তারা। এর আগেই পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে তাদের।

বুধবার সকাল থেকেই ফতুল্লা শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছিলো। গত দুইদিন ধরে ফতুল্লার কাঠেরপুল এলাকা থেকে বিভিন্ন কারখানার শ্রমিকরা প্রতিষ্ঠান বন্ধ করে বের হয়ে আসছিলো সড়কে। তবে বুধবার শ্রমিকদের সেই সুযোগই দেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। কাঠেরপুল এলাকায় জড়ো হতেই পুলিশ অবস্থান নেয় শাখা সড়কে।

বেলা ১১ টার দিকে শ্রমিকরা ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে শ্রমিকরা। জবাবে পুলিশ টিয়ারশেল ছোড়ে শ্রমিকদের উদ্দেশ্যে। ১৫ মিনিটের সংঘর্ষে শ্রমিকরা সড়ক ছেড়ে সরে যায়।

বেলা সাড়ে ১১ টা থেকে ১ টা পর্যন্ত পুরো কাঠেরপুল এলাকায় কড়া নিরাপত্তা জারি রাখে আইন শৃঙ্খলা বাহিনী। লাঞ্চ পিরিয়ডে শ্রমিকদের জড়ো হতে না দিয়ে পৃথক পৃথক ভাবে বের হতে সহযোগীতা করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। একদিকে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান, অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের মহড়া। উভয় মিলে দিনভর আর সংগঠিত হতে পারেনি আন্দোলনকারীরা।

এদিকে সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের ছোড়া টিয়ারগ্যাসের প্রভাব অন্তত ২ ঘন্টা পুরো এলাকায় বিরাজ করছিলো। এতে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন তারেক আল মেহেদী জানান, সড়কে জড়ো আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবরোধ করার চেষ্টা করতে চাইলে পুলিশ তাদের বাধা টিয়ারসেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেট ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। তবে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

নারায়ণগঞ্জে শিল্প পুলিশের পুলিশ সুপার আল মাহমুদ বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত শিবু মার্কেট এলাকার কয়েকটি গার্মেন্টস শ্রমিকরা ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডে অবরোধ করার চেষ্টা করলে তাদের টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। এখন সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমাদের পাশাপাশি বিজিবি এবং এসআরবি সতর্ক অবস্থায় রয়েছে।

এর আগে, গত সোমবার ও মঙ্গলবার ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। সোমবার শ্রমিকদের আলোচনার মাধ্যমে সড়ক থেকে সরিয়ে দিলেও মঙ্গলবার বল প্রয়োগ করে সরাতে হয়েছে সড়ক থেকে। সেসময় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনায় বুধবার সকালে ২১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা দেড় হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।