ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সাধারণ যাত্রীদের কাছ থেকে সর্বোচ্চ ৫৫ টাকা ভাড়া আদায় এবং শিক্ষার্থীদের জন্য শর্তহীন অর্ধেক ভাড়া চালুর দাবিতে অর্ধদিবস সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’। আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচি পালনের কথা জানিয়েছে সাত ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত জোটটি।

ছাত্র ঐক্যের দাবি, তাদের দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হয়ে গেলেও প্রশাসন ও পরিবহন মালিকদের পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর প্রতিবাদেই নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির নেতারা।

এর আগে গত ১ অক্টোবর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন ও বাস মালিকদের ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল ছাত্র ঐক্য। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ১৯ কিলোমিটার ঢাকা-নারায়ণগঞ্জ রুটে টোলসহ সর্বোচ্চ ভাড়া ৫৪ টাকা ৪০ পয়সা নির্ধারণ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সেই হিসাবে যাত্রীদের কাছ থেকে সর্বোচ্চ ৫৫ টাকা নেওয়ার কথা।

তবে ছাত্র নেতাদের অভিযোগ, উৎসব ও বন্ধন পরিবহনের বাসগুলোতে সাধারণ যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি, ৫৯ টাকা করে আদায় করা হচ্ছে।

শিক্ষার্থীদের ভাড়া নিয়েও অনিয়মের অভিযোগ তুলেছে ছাত্র ঐক্য। তাদের দাবি, বিআরটিএর নির্দেশনা এবং জেলা পরিবহন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালু থাকার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। সর্বোচ্চ ৩০ টাকা ভাড়ার পরিবর্তে শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫ থেকে ৪০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের।

সমাবেশে ছাত্র ঐক্যের নেতারা বলেন, নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের দাবিকে উপেক্ষা করে পরিবহন ব্যবসা পরিচালনা করা যাবে না। ব্যবসা পরিচালনায় তাদের আপত্তি নেই, তবে নিয়মনীতি না মেনে যাত্রীদের ওপর অতিরিক্ত ভাড়া চাপিয়ে দেওয়া হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে বিকল্প পরিবহন ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তারা।

নেতারা আরও অভিযোগ করেন, প্রশাসন ও বাস মালিকপক্ষ ছাত্র-জনতার যৌক্তিক দাবির প্রতি গুরুত্ব দিচ্ছে না। আন্দোলন ঠেকানোর কোনো উদ্যোগ নেওয়া হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও তারা সতর্ক করেন।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৫ অক্টোবর) গণস্বাক্ষর সংগ্রহ ও জনসংযোগ কর্মসূচি পালন করবে ছাত্র ঐক্য। এরপরও দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না এলে মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে অর্ধদিবস অবরোধ কর্মসূচি পালন করা হবে।

রোববারের বিক্ষোভ ও সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, জাতীয় ছাত্রশক্তি, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র মজলিস, ছাত্র জমিয়ত বাংলাদেশ এবং ইসলামী ছাত্র সেনার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।