মাদক, সন্ত্রাস, দখল, চাঁদাবাজি ও দুর্নীতি মোকাবিলায় সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে রূপগঞ্জে তারাব পৌরসভার মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রূপসী এলাকায় তারাবো পৌরসভায় জামায়াত সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।

গণসংযোগ ও পথসভায় তিনি বলেন, দীর্ঘদিন ধরে তারাবো পৌরসভায় নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সুষ্ঠু নির্বাচন জরুরি। জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী খন্দকার মো. আল আমীন নির্বাচিত হলে তারাবোকে আধুনিক ও উন্নত পৌরসভা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন।

তিনি আরও বলেন,  ৫ আগস্টের পরও বিভিন্ন এলাকায় দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এসব অপরাধমুক্ত সমাজ গড়তে সৎ, যোগ্য ও আদর্শবান প্রার্থী নির্বাচিত করার বিকল্প নেই।

পথসভায় সভাপতিত্ব করেন তারাবো পৌর আমির ও রূপগঞ্জ উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. নাজমুল হক। এছাড়া পথসভায় মেয়র প্রার্থী খন্দকার মো. আল আমীন, পৌর সেক্রেটারি রাফিউল হক নওফেলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে আল আমীনের পরিচিতিমূলক লিফলেট বিতরণ করে গণসংযোগ করা হয়।