নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে মধ্যরাতে ডাকাতির চেষ্টার মুখে পড়ার কথা জানিয়েছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। তবে সড়কে পাথর ফেলে যানবাহন থামানোর চেষ্টা দেখে চালক গাড়ি ঘুরিয়ে নেওয়ায় নিরাপদে সেখান থেকে চলে যান তাঁরা।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে নিজের ফেসবুক লাইভে বিষয়টি জানান রফিকুল ইসলাম মাদানী।

ফেসবুক লাইভে তিনি বলেন, সড়কে বড় বড় পাথর ফেলে যানবাহনের গতি রোধ করে ডাকাতির চেষ্টা চলছিল। ডাকাতদের হাতে রামদা ছিল বলেও দাবি করেন তিনি। তাঁদের গাড়ি কিছুটা দূরে থাকায় চালক দ্রুত ঘুরিয়ে নেন। তবে তাঁর দাবি, ডাকাতেরা অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, মহাসড়কে পাথর ফেলে ডাকাতির চেষ্টার খবর পেয়ে টহলরত পুলিশের দুটি দল ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।

ওসি বলেন, রফিকুল ইসলাম মাদানী সরাসরি ডাকাতির কবলে পড়েননি এবং তাঁর কোনো মালামাল খোয়া যায়নি। সড়কে পাথর পড়ে থাকতে দেখে তিনি গাড়ি ঘুরিয়ে নিরাপদে চলে যান। এ ঘটনায় এখন পর্যন্ত তিনি থানায় কোনো অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, মহাসড়কে ডাকাতি প্রতিরোধে দিন-রাত টহল চলছে। পাকুন্ডার ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।