তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার ১০৭তম ধার্য তারিখেও আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা। একই সাথে পুর্বের নির্দেশনা অনুযায়ী তদন্ত কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ না করায় মামলার অন্যতম আসামি রিফাত বিন ওসমানকে নিজস্ব আইনজীবীসহ তদন্ত কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১ নভেম্বর) মামলার শুনানির দিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বাবু।

মামলায় র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ১০ আসামির মধ্যে গতকালের শুনানিতে কারাগার থেকে আদালতে হাজির হন আজমেরী ওসমানের গাড়িচালক জমশেদ। জামিনে থাকা আসামি তায়েফ উদ্দীন জ্যাকি, ইউসুফ হোসেন লিটন, কাজল হাওলাদার, সাফায়েত হোসেন শিপন, ইয়ার মোহাম্মদ পারভেজ ও রিফাত বিন ওসমানও আদালতে উপস্থিত ছিলেন।

তবে জামিনে মুক্তির পর আদালতে হাজির না হওয়ায় সুলতান শওকত ভ্রমর, সালেহ রহমান সীমান্ত ও আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন ১৪ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

এর আগে ১০৬তম ধার্য তারিখে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রিফাত বিন ওসমানকে তাঁর কার্যালয়ে গিয়ে সাক্ষাতের নির্দেশ দিয়েছিলেন আদালত। মামলাটি তদন্ত করছেন এসআরবি ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার।