নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত চারটি চুনা কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস।
রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার প্রতাপেরচর, সোনাখালী ও পিরোজপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়।
তিতাস গ্যাসের সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মামুনুর রশিদ জানান, অবৈধ গ্যাস সংযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি এসব চুনা কারখানা গড়ে তুলেছেন। কারখানাগুলোতে প্রতি ঘণ্টায় প্রায় ২০ হাজার ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করতো। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।
তিনি আরও জানান, অভিযানের সময় এক্সকাভেটর দিয়ে কারখানাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাসের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে তিতাসের উপসহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান ও জহুরুল ইসলামসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।










