ঢাকা বাইপাস তথা এশিয়ান হাইওয়ে সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের সোনারগাঁ অংশে ফাটল ও ধস দেখা দিয়েছে। সোনারগাঁ উপজেলার পাকুন্দা এলাকায় আন্ডারপাসের পূর্ব পাশে প্রায় ২৫০ মিটার সড়ক ধসে গিয়ে ঝুকিপূর্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শনিবার নির্মানাধীন সড়কের উপর বড় ফাটল দেখা দেয়। দুর্ঘটনার আশঙ্কায় সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ ওই অংশ দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে। সড়কের এক পাশ বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

ঘটনার খবর পেয়ে বিকেলে সড়ক পরিদর্শন করেন ঢাকা বাইপাস সড়ক চারলেন উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) সৈয়দ আসলাম আলী।

ঘটনাস্থল ঘুরে দেখা যায়, সড়কের পিচঢালা অংশের বিভিন্ন জায়গাফাটল তৈরি হয়েছে। কোথাও কোথাও পিচ উঠে গিয়ে নিচের মাটি ও সুরকি বেরিয়ে এসেছে। একই সঙ্গে সড়কের বেশ কিছু অংশ নিচের দিকে নেমে গেছে। এতে বড় ধরনের ধস ও দুর্ঘটনার আশঙ্কা তৈরী হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন সড়ক নির্মাণের সময় নিম্নমানের উপকরণ ব্যবহার এবং রাতের বেলায় সড়কের পাশ থেকে মাটি কেটে নেওয়ার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় দোকানি রুবেল হোসেন বলেন, নির্মাণকাজের সময়ই সড়ক তৈরী করা হচ্ছিলো অবহেলার সাথে। নিন্মমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। শুধু এখানেই নয়, সড়কের আরও অনেক স্থানে ছোট খাট ফাটল দেখা দিয়েছে। আর আন্ডারপাসের পূর্ব পাশের সড়ক এখন সবচেয়ে বড় উদাহরণ।

আল আমিন নামে এক বাসিন্দা অভিযোগ করেন। রাতের আধারে সড়কের পাশের মাটি কেটে বিক্রি করেছে একটি চক্র। এতে সড়কের পাশে গভীর গর্ত তৈরী হয়েছে। সড়কের পাশে গাইড ওয়াল দেয়া হয়নি। তাড়াহুড়ো করে নির্মাণকাজ শেষ করার কারনেই মাটি সরে গিয়ে সড়ক ধসে পড়েছে।

তবে স্থানীয়দের তোলা নিম্নমানের কাজ ও অনিয়মের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী। তিনি বলেন, টানা কয়েক দিনের বৃষ্টিতে সড়কের নিচের মাটি নরম হয়ে পড়েছে। এর পাশাপাশি মহাসড়ক দিয়ে অতিরিক্ত ভারী যানবাহন চলাচল করায় নরম মাটি সরে গিয়ে সড়কের কিছু অংশ বসে ফাটলের সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, নির্মাণকারী প্রতিষ্ঠানের পাশাপাশি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সাথে এনিয়ে আলোচনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে জরুরী ভিত্তিতে ডাইভারশন সড়ক তৈরি করা হবে।