নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছেন। কোনো অপশক্তি যাতে এ সম্প্রীতির বন্ধন নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বন্দর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রেখে সবাই যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, এজন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার। সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আলাউল কবির দীপু, বন্দর থানার ওসি জামাল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
এ সময় বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, নৌ পুলিশের পরিদর্শক হাসান জামিল খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা সঞ্জয় খান এবং পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ও তুলশী ঘোষসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার ২৯টি পূজামণ্ডপের প্রতিনিধিসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা করা হয়। বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে বন্দরের প্রতিটি পূজামণ্ডপে নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের ওপর গুরুত্বারোপ করেন।










