নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের দুই দিন পর নাদিম আকন্দ (৩৬) নামে এক শ্রমিকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী গ্রামের একটি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
এই ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে আটক করেছে পুলিশ। নিহত নাদিম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উত্তর জাঙ্গালিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর সকালে নাদিম নিখোঁজ হন। শুক্রবার সকালে দড়ি সত্যভান্দী গ্রামের একটি টিনশেড ঘর থেকে দুর্গন্ধ বের স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় নাদিমের লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে ঘরের মালিক হাকিম মোল্লা পলাতক রয়েছেন। তবে নাদিমের স্ত্রীকে আটক করেছে পুলিশ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, নিহতের পারিবারিক ও দাম্পত্য বিরোধে এই হত্যাকান্ড ঘটতে পারে। এই ঘটনায় নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের বিষয়টি নিয়ে আমাদের তদন্ত চলছে।










