নারায়ণগঞ্জের বন্দরে ময়না ক্লিনিকে জন্ম নেওয়া এক নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কতৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসা অবহেলার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার। এই ঘটনায় শিশুটির বাবা মো. হোসেন রয়েল (২৮) ক্লিনিক মালিক ময়না বেগমের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে রয়েল উল্লেখ করেন, শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় তার স্ত্রীর প্রসব বেদনা উঠলে তাকে বন্দরের আমিন আবাসিক এলাকার ময়না ক্লিনিকে ভর্তি করেন। দুপুর সোয়া ১২ টায় অস্ত্রোপচারের মাধ্যমে তাঁদের ছেলেসন্তানের জন্ম হয়। জন্মের পর থেকেই শিশুটি অনবরত কাঁদতে থাকলে চিকিৎসক ময়না বেগমকে বিষয়টি জানানো হয়। তবে চিকিৎসক জানান, শিশুটির কোন সমস্যা নেই।
শনিবার সকালে শিশুটির কান্না বেড়ে গেলে নার্সদের কাছে অনুরোধ করা হয় চিকিৎসক ডাকার জন্য। কিন্তু তাদের কেউই সহযোগীতা করেনি। পরিস্থিতির অবনতি হলে ময়না বেগম প্রথমে ঝাউতলা এলাকার এক চিকিৎসকের কাছে যোগাযোগের পরামর্শ দেন। সেখানে সেই চিকিৎসক না থাকায় পুনরায় ফরাজীকান্দা এলাকায় আরেক চিকিৎসকের কাছে পাঠানো হয়। এভাবে নানান স্থান ঘুরিয়ে ফের ময়না ক্লিনিকে এনে শিশুকে অক্সিজেন দেয়া হয়।
অক্সিজেন দেওয়ার পর কান্না বন্ধ হয়ে গেলে শিশুটিকে দ্রুত মাতুয়াইল মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন ময়না বেগম। দুপুর ১ টার দিকে মাতুয়াইল হাসপাতালে পৌছালে সেখানকার চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, প্রায় ১ ঘন্টা আগে শিশুটির মৃত্যু হয়েছে।
অভিযোগের বিষয়ে ক্লিনিকের প্রতিনিধি কাউছার দাবী করেন, ‘শিশুটি মারা যাওয়ার আগে সুস্থ ও স্বাভাবিক ছিল। আমরা তাকে যথাসাধ্য চিকিৎসা দিয়েছি। শিশুটিকে মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার দিতে বারণ করা হয়েছিলো।’
বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আলাউল কবির দিপু বলেন, সিভিল সার্জনের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যতটুকু শুনলাম, হাসপাতাল কর্তৃপক্ষের কিছুটা অবহেলা আছে। তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে।’










