দেশের মানুষের জন্য মানসম্মত ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

সোমবার (৫ অক্টোবর) রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শনের সময় এমপি দিপু ভূঁইয়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি সেখানে দায়িত্ব পালনকারী চিকিৎসকদের কাছ থেকেও সেবার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজ নেন। চিকিৎসাসেবার পরিবেশ, রোগীদের সুযোগ-সুবিধা এবং সেবার মান উন্নয়নের বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন।

দিপু ভুঁইয়া বলেন, রূপগঞ্জে জনসংখ্যা বেশি হওয়ায় সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রোগীর চাপ দিন দিন বাড়ছে। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের শয্যা বাড়ানো এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের বিভিন্ন উদ্যোগ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। রোগীরা যাতে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যাপ্ত ওষুধ পান, তা নিশ্চিত করতেও নিয়মিতভাবে তদারকি করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সেবা দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় হাসপাতালে রোগী ও সেবাগ্রহীতার সংখ্যা আগের তুলনায় দুই গুণেরও বেশি হয়েছে। সীমিত জনবল দিয়েই বর্তমানে চিকিৎসাসেবা চালিয়ে নেওয়া হচ্ছে। যেসব এলাকায় উপ-স্বাস্থ্য কেন্দ্রের নিজস্ব ভবন নেই, সেসব স্থানে জমি নির্ধারণ করে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনের সময় এমপি দিপুর সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।