নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বাংলাদেশ সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশের প্রতিটি মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত হওয়া উচিত।
সোমবার সোনারগাঁ পৌরসভা ও বৈদ্যেরবাজার ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গাপূজার সার্বিক খোঁজখবর নেন।
এমপি মান্নান সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সব ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সব মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে, এটাই বাংলাদেশের সৌন্দর্য ও শক্তি। সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাত, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব কমিশনারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।










