নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ মোগরাপাড়া এলাকায় গাছের গুঁড়ি বোঝাই ট্রাক উল্টে গেছে। এতে দীর্ঘ সময় মহাসড়কে যানজট দেখা দেয়।

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কের এক পাশে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী, চালক ও কর্মজীবী মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ৬টায় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি গাছ বোঝাই ট্রাক মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি রাস্তার মাঝখানে উল্টে যায় এবং ট্রাকে থাকা গাছের গুঁড়ি সড়কের ওপর ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল

দুর্ঘটনার পর দীর্ঘ সময় ট্রাকটি সড়কে পড়ে থাকায় মহাসড়কের এক পাশে কয়েক কিলোমিটার যানজটের তৈরী হয়। সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ সড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে দিলে ফের যান চলাচল শুরু হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা জানান, ভোরে ট্রাকটি উল্টে গাছগুলো সড়কে ছড়িয়ে পড়ায় এই যানজটের সৃষ্টি হয়। তবে দুপুরের আগেই যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।