নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক খোকন সাহা কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়ে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর গুজব।

বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালিত একাধিক পেইজে খোকন সাহার মৃত্যু উল্লেখ করে শোক প্রকাশ করতে দেখা যায়। তবে মৃত্যুর বিষয়টি গুজব নিশ্চিত করেছেন খোকন সাহার ঘনিষ্ট দুজন আইনজীবী ও আওয়ামী লীগ নেতা।

খোকন সাহার সাথে একই সাথে আওয়ামী লীগের রাজনীতি করা এবং নারায়ণগঞ্জ আদালতের একজন নারী আইনজীবী এই প্রতিবেদককে জানান, ‘তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। এমন কিছু হলে খোকন সাহার স্ত্রী আমাদের অবগত করতেন। উনার অবস্থা সংকটাপন্ন। যেকোন সময় খারাপ কিছু হয়ে যেতে পারে।’

খোকন সাহার ঘনিষ্ট আইনজীবী ও প্রবীন আওয়ামী লীগ নেতা জানান, ‘খোকন সাহা চিকিৎসা করার মত অবস্থাতেও নেই। একেবারেই অচেতন ও লাইফ সাপোর্টে। আমরা প্রত্যাশা করছি সে আমাদের মাঝে ফিরে আসবে। বাকিটা সৃষ্টিকর্তার হাতে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো ছড়াচ্ছে সেটা মিথ্যা।’