শীতের আগমনী বার্তা নিয়ে নারায়ণগঞ্জে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি। শহরের মানুষের কাছে গ্রামবাংলার শীতকালীন ঐতিহ্য ও টাটকা খেজুরের রসের স্বাদ পৌঁছে দিতে তৃতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘রস বাগিচা’। প্রায় ৭০টি খেজুরগাছ নিয়ে ইতোমধ্যে বাগানজুড়ে চলছে প্রস্তুতিমূলক কাজ।
নারায়ণগঞ্জের বন্দরের কপিলের মোড় এলাকায় অবস্থিত কাশেম জামালের বাগানের মাঠে অবস্থিত ‘রস বাগিচা’। শহরের কাছেই গ্রামীণ পরিবেশে শীতের সকালে টাটকা খেজুরের রস উপভোগের সুযোগ তৈরি করছে এই উদ্যোগ।
শীত এলেই গ্রামবাংলার পথে-প্রান্তরে খেজুরগাছ থেকে রস সংগ্রহের পরিচিত দৃশ্য দেখা যায়। গাছিদের গাছ কাটা, হাঁড়ি বাঁধা আর ভোরে রস সংগ্রহের সেই ঐতিহ্য নগরজীবনে অনেকটাই হারিয়ে যাচ্ছে। শহরের মানুষের কাছে সেই চিরচেনা পরিবেশ ফিরিয়ে আনতেই নারায়ণগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সাত উদ্যোক্তা।
জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাতজন উদ্যোক্তার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠেছে ‘রস বাগিচা’। এবারের মৌসুমে বাগানের ভেতরে ও আশপাশে থাকা প্রায় ৭০টি খেজুরগাছ থেকে রস সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এ জন্য অভিজ্ঞ গাছিদের দিয়ে গাছ প্রস্তুত করা এবং রস সংগ্রহের প্রয়োজনীয় সরঞ্জাম গোছানোর কাজ চলছে।
উদ্যোক্তাদের মূল লক্ষ্য শুধু খেজুরের রস বিক্রি নয়, বরং শহরের মানুষের সামনে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও শীতের আবহ তুলে ধরা। বিশেষ করে নতুন প্রজন্ম যেন খেজুরগাছ থেকে রস সংগ্রহের প্রক্রিয়া সরাসরি দেখতে পারে এবং গ্রামীণ সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, প্রায় ৭০টি গাছ ঘিরে এবারের আয়োজন আগের দুই মৌসুমের তুলনায় আরও আকর্ষণীয় হবে। দর্শনার্থী ও ক্রেতাদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ এবং সুন্দর ব্যবস্থাপনা নিশ্চিত করার হবে বলে জানান তারা।










