নারায়ণগঞ্জের বন্দরের সরকারি কদম রসুল কলেজটি এখানকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হলেও অন্যান্য কলেজের তুলনায় এটি নানা দিক থেকে চরম অবহেলার শিকার। হাজার হাজার শিক্ষার্থীর এই কলেজে মৌলিক সুযোগ-সুবিধার মারাত্মক ঘাটতি রয়েছে।
এর মধ্যে সবচেয়ে জরুরি ও তাৎক্ষণিক দাবি হলো কলেজে একটি মানসম্মত ক্যান্টিন স্থাপন করা। ক্লাস ও পড়াশোনার ফাঁকে শিক্ষার্থীদের দীর্ঘ সময় ক্যাম্পাসে কাটাতে হয়, অথচ একটি ক্যান্টিনের অভাবে তাদের তীব্র ভোগান্তি পোহাতে হয়, যা কোনোভাবেই কাম্য নয়।
ক্যান্টিনের পাশাপাশি এই কলেজের শিক্ষার্থীরা আরও বহু মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আধুনিক প্রযুক্তির যুগে একটি মানসম্মত কম্পিউটার ল্যাব ও বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সাইন্সল্যাব না থাকায় তাদের অ্যাকাডেমিক শিক্ষা ব্যাহত হচ্ছে।
এছাড়া যাতায়াতের জন্য পর্যাপ্ত ট্রান্সপোর্ট বা যাতায়াত সুবিধারও ব্যাপক অভাব রয়েছে। আমরা অবিলম্বে কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন শিক্ষার্থীদের এসব ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করা হয় এবং পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করা হয়।










