নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৩ লাখ ১৩ হাজার ৪৩০ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফতুল্লার একটি প্রতিষ্ঠান একই ধরনের অপরাধে এর আগেও জরিমানার মুখোমুখি হয়েছিল।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ সিদ্ধান্ত নেয়। পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের দেওয়া তথ্য-উপাত্ত ও সুপারিশের পরিপ্রেক্ষিতে গত ৭ সেপ্টেম্বর তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষতিপূরণ ধার্যের এ ব্যবস্থা নেওয়া হয়।
ক্ষতিপূরণ ধার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকার মাহিন এক্সেসরিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ফতুল্লার পাগলা নন্দলালপুর এলাকার মেসার্স আশামনি প্রিন্টিং ইন্ডাস্ট্রিজকে ৭৬ হাজার ৯৫০ টাকা এবং রূপগঞ্জের মুড়াপাড়া গঙ্গানগর এলাকার ক্রিয়েটিভ পেপার মিলস লিমিটেডকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, মেসার্স আশামনি প্রিন্টিং ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে এর আগেও পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল। একই ধরনের অপরাধে ২০২০ সালে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করেছিল পরিবেশ অধিদপ্তর। নতুন করে একই অভিযোগে এবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৭৬ হাজার ৯৫০ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।
তিন প্রতিষ্ঠানের কাছ থেকে ধার্য করা ক্ষতিপূরণের মোট অঙ্ক দাঁড়িয়েছে ৩ লাখ ১৩ হাজার ৪৩০ টাকা।









