নারায়ণগঞ্জের বন্দর থানার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তি ও মাদকসেবীসহ ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার আওতাধীন বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ২৮ জনের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুজন, চুরির মামলায় চারজন, দস্যুতার প্রস্তুতি ও সংঘবদ্ধ অপরাধের মামলায় দুজন, চারটি মাদক মামলায় চারজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন এবং মাদক সেবনের সময় হাতেনাতে আটক হয়েছেন আরও ১৫ জন।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দুজন হলেন মো. শফিউল আলম (৪৬) ও কবির ওরফে মোশারফ হোসেন (৫০)। পুলিশের নথিতে শফিউল আলমকে বন্দর উপজেলা ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং কবির ওরফে মোশারফ হোসেনকে বন্দর উপজেলা ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।

চুরি মামলায় গ্রেপ্তার চারজন হলেন মো. রাকিব ওরফে রকি (২৮), লোকনাথ দাস (৩০), হেলাল উদ্দিন (২৫) এবং মো. রুবেল (৩০)।

দস্যুতার প্রস্তুতি ও সংঘবদ্ধ অপরাধের মামলায় গ্রেপ্তার করা হয়েছে হিমেল (২৬) ও মো. সাগর (২৫)কে।

এ ছাড়া চারটি পৃথক মাদক মামলায় মো. মোখলেছুর রহমান শুভ (৩০), মো. আউয়াল মিয়া (৪৮), মো. জাকারিয়া হোসেন ওরফে শুভ (৩০) এবং অপূর্ব (২৪)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে জাহিদুর হাসান বাবুকেও আটক করেছে পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদক, কিশোর গ্যাং, ছিনতাই, অবৈধ অস্ত্রসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।