নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সাথে মতবিনিময় করেছেন আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী এম এ আজিজ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে উপস্থিত হয়ে এই স্মারকলিপি প্রদান করেন তিনি। এসময় আলীরটেক ইউনিয়নের নানাবিধ সমস্যা সমাধানের বিষয়ে এমপির সাথে আলোচনা করেন তিনি।

এম এ আজিজ বলেন, ‘আলীরটেক ইউনিয়ন দীর্ঘদিন ধরে অবহেলিত জনপদে পরিণত হয়েছে। আমরা চেষ্টা করছি বর্তমান সংসদ সদস্যের মাধ্যমে এই অঞ্চলের বিদ্যমান সমস্যাগুলো দূর করতে। আজকে মতবিনিময়কালে আলীরটেকবাসীর প্রানের দাবী চর আলীরটেক ব্রিজ, আব্দুল্লাহপুর ব্রিজ, মাঝের গোপচর খেয়াঘাট, পুরাতন গোগনগর আউয়ালের গুদারাঘাট ব্রিজ নির্মান ও সংস্কারের দাবী জানাই।

এছাড়া আলীরটেক ইউনিয়নে নতুন রাস্তা তৈরী, মাদক সমস্যা নির্মূল, মামলা বানিজ্যের অবসান সহ ইউনিয়নের নাগরিক সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার জন্য আলোচনা করা হয়। আলোচনা শেষে এসব দাবী সংবলিত একটি স্মারকলিপি তার হাতে তুলে দেয়া হয়েছে।

আলোচনায় এমপি আব্দুল্লাহ আল আমিন এসব সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার সামাজিক নেতৃবৃন্দ।