নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাড়ে ১৬ হাজার লিটার জেট ফুয়েলসহ জ্বালানি তেলের ট্যাংকার জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ঘটনায় ট্যাংকার চালক সাগর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার রাতে নারায়ণগঞ্জের চিটাগাংরোড শিমরাইল মোড় এলাকা থেকে এই তেলসহ গাড়ি জব্দ করা হয়। জব্দকৃত ট্যাংকলরির নাম্বার চট্ট-মেট্রো ৪১-০৮০৩।বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
তিনি বলেন, ট্যাংকলড়িটির মালিক ইয়ার হোসেন ভূঁইয়া। এই ঘটনায় রোববার সিদ্ধিরগঞ্জ থানায় তিনজনকে নামীয় আসামী এবং ২ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
মামলার আসামিরা হলেন ট্যাংকলড়ী ড্রাইভার সাগর হোসেন (২৭), পলাতক হেলপার দ্বীন ইসলাম (৫২) ও পলাতক আসামি ট্যাংকলড়ীর মালিক আওয়ামী লীগ নেতা ইয়ার হোসেন ভূঁইয়া (৫০)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, চিটাগাংরোড এলাকা থেকে ১৬,৫০০ লিটার জেটফুয়েল সহ একটি ট্যাংকলরী জব্দ করেছে ডিবি পুলিশ। এই ঘটনায় চালককে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামীদের ধরতে অভিযান চলমান রয়েছে।
জানা গেছে, জব্দকৃত ট্যাংকলরীর মালিক সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকার ইয়ার হোসেন ভূঁইয়া। তিনি ঢাকা বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতির গোদনাইল পদ্মা ডিপো শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সে সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত। আওয়ামী লীগ আমলে সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের নেতৃত্বে বিভিন্ন মিছিল ও কর্মসূচীতে ছিলো তার সরব অবস্থান।
আওয়ামী লীগ সরকার পতনের পরেও তার নিয়ন্ত্রনে থাকা চক্র নিয়মিত জেট ওয়েল চোরাকারবারিতে এখনও যুক্ত। সিন্ডিকেটের তেল চুরির কারনে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।










