বেতন ভাতা ৩০ হাজার টাকা নির্ধারনের দাবীতে নারায়ণগঞ্জে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন কারখানার শ্রমিকরা।
সোমবার বেলা সাড়ে ১২ টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা। এসময় লিংক রোডের শিবু মার্কেট, জালকুড়ি, ভুইগড় এলাকায় অবস্থান নেয় শ্রমিকরা। সড়কে আগুন জালিয়ে এবং প্রতিবন্ধকতা তৈরী করে যান চলাচল আটকে রাখে।
দুপুরে শিবু মার্কেট, কাঠেরপুল এলাকার ছোট বড় ২০ টি কারখানা থেকে শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করে৷ প্রথমে শিবু মার্কেট অবরোধ করলেও পরে তারা মিছিল নিয়ে সাইনবোর্ডের দিকে অগ্রসর হয়।
এসময় ভুইগড়ের কাছাকাছি এসবি গার্মেন্টস থেকে শ্রমিক নামিয়ে আনতে যায় বিক্ষুব্ধ শ্রমিকরা। কারখানা কতৃপক্ষ আপত্তি করলে কারখানায় ইটপাটকেল ছুড়ে কাচ ভাংচুর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে ছুটি দেয়া হয় কারখানাটি।
এদিকে সড়কে যান চলাচলে বাধা দিলেও কোন গাড়ি ভাংচুর বা অগ্নিসংযোগের খবর পাওয়া যায়নি। তবে সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহে দেখলেই আক্রমনাত্মক হতে দেখা গেছে শ্রমিকদের। বেলা আড়াইটার দিকে ভুইগড় মোড়ে শক্ত অবস্থান নেয় পুলিশ ও বিজিবি। শ্রমিকরা মুখোমুখি হতেই তীব্র বৃষ্টিতে উভয়পক্ষই সড়ক ছেড়ে দেয়।
বেলা ৩ টা নাগাদ বৃষ্টি থামলে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
এদিকে বেলা ৩ টায় ভুইগড় এলাকায় যান চলাচল শুরু হলেও বন্ধ ছিলো শিবু মার্কেট এলাকার যান চলাচল। সেখানে পুলিশ, শ্রমিক নেতাদের দফায় দফায় আলোচনার পর সাড়ে ৩ টার দিকে যান চলাচল শুরু হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, আলাপ আলোচনার পড়ে শ্রমিকরা সড়ক ছেড়ে দিয়েছে। আমাদের কোন বল প্রয়োগ করতে হয়নি। সারাদিন ছোট খাটো কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া বড় কোন সমস্যা দেখা দেয়নি। আমরা বল প্রয়োগ ছাড়াই শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছি।










